১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৮
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন সরকার গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্যরা।
শনিবার বিকেল ৪টার দিকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে চিকিৎসদের দলটি স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যায়।
চিকিৎসকেরা বিকেল ৩টা ৪০ মিনিটে কারাগারে প্রবেশ করেন। প্রায় ১ ঘণ্টা ৫ মিনিট পর সেখান থেকে বের হয়ে আসেন। তবে খালেদার চিকিৎসার বিষয়ে তারা গণমাধ্যমের কর্মীদের সামনে কোনো মন্তব্য করেননি।
পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা প্রায় ২০ মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। রবিবার চিকিৎসকেরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে খালেদা জিয়ার জন্য ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেবেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিনের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজির অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জারির অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষুর সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী ও ফিজিকেল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।
এরও আগে ৯ সেপ্টেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী রাজধানীর কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করানোর অনুরোধ জানায়। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদ সম্মেলনে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড হবে।
এর মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে এই বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। কিন্তু তাদের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরোনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে একবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য আরেকটি মেডিকেল বোর্ড গঠন করল সরকার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D