২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির সমাবেশের মঞ্চ তৈরির প্রস্তুতি। সমাবেশের অনুমতি নিয়ে নানা নাটকীয় ঘটনার পর অবশেষে শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পায় বিএনপি।
এরই মধ্যে লোকজন জড়ো হতে শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা। রাত ৯টার দিকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে।
একেবারে শেষ মুহূর্তে এসে অনুমতি পাওয়ায় প্রস্তুতি নিতে হচ্ছে তড়িঘড়ি করে। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রবিবার সকাল থেকেই শুরু হবে সমাবেশের কার্যক্রম, সেহেতু বিকেল থেকেই শুরু করা হয়েছে মঞ্চ তৈরির কাজ।
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চ তৈরি ও অন্যান্য কার্যক্রমের প্রস্তুতি দেখতে যান। এ সময় মির্জা আব্বাস বলেন, সরকার ইচ্ছা করেই শেষ মুহূর্তে এসে অনুমতি দিয়েছে, যাতে লোকসমাগম কম হয়। কিন্তু তাতে কোনো লাভ হবে না, যেভাবে জনস্রোত ঢাকামুখী হয়েছে তাতে রবিবারের সমাবেশ হবে বিগত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বড় সমাবেশ। আগামীকাল সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই নেতা।
মঞ্চ তৈরির পুরো কাজ তদারকি করছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি আরটিএনএনকে বলেন, ডিএমপি কমিশনাররের কাছ থেকে অনুমতি পাওয়ার পর দলের সিদ্ধান্ত অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে রবিবার সমাবেশ সফল করার জন্য মঞ্চ তৈরির কাজ সন্ধ্যায় শুরু হয়েছে। চলবে রাতভর।
তিনি বলেন, সকাল ১০টা থেকে লোক জমায়েত শুরু হবে। আর সমাবেশে মূল কার্যক্রম কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে দুপুর আড়াইটায়। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে সমাবেশের উদ্দেশ্যে রওনা হবেন দুপুর ২টার পর।
তিনি এও বলেন, বিলম্বে অনুমতি পাওয়ায় এসব প্রস্তুতি কিছুটা তড়িঘড়ি সকরেই করতে হবে।
জানা যাচ্ছে, সমাবেশে অংশ নিতে এরই মধ্যে অনেক নেতাকর্মী দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। অনেকই আসছেন। তারা জানালেন, উৎসবমুখর পরিবেশে রবিবারের সমাবেশের জন্য অপেক্ষা করছেন তারা। এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা তাদের। নেতাকর্মীদের মধ্যে অনেকেই রাতভর সমাবেশস্থলে থাকার প্রস্তুতি নিয়ে এসেছেন।
এ প্রসঙ্গে শায়রুল কবির বলেন, নেতাকর্মীদের মাঝে উৎসাহ দেখা যাচ্ছে। রবিবার এই এলাকা লোকে লোকারণ্য হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এই সমাবেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। সমাবেশ উপলক্ষে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ওই দিন সমাবেশের অনুমতি মেলেনি। পরে ১২ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করে দলটি।
পরে শনিবার দুপুরে ২৩টি শর্ত জুড়ে দিয়ে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। এরপর থেকেই শুরু হয় সমাবেশের প্রস্তুতি। রাতভর চলবে মঞ্চ তৈরির কাজ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D