২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
কুমিল্লা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত ও অভ্যর্থনা জানাতে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অবস্থান করা নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু।
মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বেগম খালেদা জিয়া শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
খালেদা জিয়ার রওনা হওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসনের সফরকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে চেয়ারপারসনকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে অবস্থান করতে।’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথে আজ দুপুরে ফেনীতে যাত্রা বিরতি করবেন। সেখানেই তিনি দুপুরের খাবার খাবেন। কেন্দ্রীয় তিন শতাধিক নেতাও তার সঙ্গে দুপুরের খাবার খাবেন। তাই বেগম জিয়ার আপ্যায়নে খাবার মেন্যুতে ৩০ পদের খাবার থাকছে বলে জানিয়েছে ফেনী জেলা বিএনপি।
আপ্যায়নের দায়িত্বে থাকা জেলা বিএনপির নেতা আলাল উদ্দিন আলান বলেন, ম্যাডামের খাবারের তালিকায় কই, ইলিশ, পাবদা, চিংড়ি ও কোরাল। সঙ্গে পরশুরামের খণ্ডলের মিষ্টি, সোনাগাজীর চরাঞ্চলের দধি, সন্দেশসহ বিভিন্ন পিঠাপুলি।
এদিকে বেগম জিয়াকে স্বাগত জানাতে নানা বাধা বিপত্তি অতিক্রম করে মহিপালসহ মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।
গত ২৫ অগাস্ট মায়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে বাংলাদেশ রোহিঙ্গাদের ঢল নামলে তাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন থেকে গত ১৮ অক্টোবর দেশে ফেরার পর এখন রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপি নেত্রী।
২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধ পল্লীতে হামলা ও ভাংচুরের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারে যান খালেদা জিয়া। তখনও তিনি ঢাকা থেকে সড়কপথে প্রথমে চট্টগ্রাম এবং পরে সেখান থেকে কক্সবাজার যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D