রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় যাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৭

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় যাচ্ছেন খালেদা জিয়া

মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার সকালে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

সাবেক এই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এর আগে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে ২০১২ সালের জুন মাসে চট্টগ্রামে গিয়েছিলেন বেগম জিয়া।

দীর্ঘ ৫ বছর পর বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরের খবরে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বেগম জিয়া এই সফরে মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।

শনিবার সকালে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে তিনদিনের সফর শেষে মঙ্গলবার ঢাকায় ফিরে আসবেন খালেদা জিয়া।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে চট্টগ্রামের উদ্দেশে সড়ক পথে রওনা হবেন খালেদা জিয়া। ওই দিন দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর সেখান থেকে বিকেলে যাত্রা শুরু করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন তিনি। ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে রাত্রীযাপন করবেন তিনি।৩০ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় তিনি কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণও বিতরণ করবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাত্রীযাপন শেষে ৩১ অক্টোবর যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এ সফর প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন,‘ম্যাডাম চিকিৎসার জন্য লন্ডনে থাকার কারণে এতোদিন সরাসরি গিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পারেননি। দেশে ফিরেই তিনি এই সফরে যাচ্ছেন, এর মাধ্যমে মানবতার প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মহানুভবতার দিকটিই ফুটে উঠে। এছাড়াও দীর্ঘদিন পর বেগম জিয়ার চট্টগ্রাম অঞ্চলে সফরের মাধ্যমে দলে গতিশীলতার সৃষ্টি হবে এবং নেতাকর্মীদের উৎসাহ বাড়াবে।