২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান। একইসঙ্গে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল করা হয়েছে মাওলানা এটিএম মাসুমকে। সংগঠনটির আমিরসহ শীর্ষ ৩ নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে দলটির প্রচার বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ এবং সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গত ৯ অক্টোবর রাতে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির এবং সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসায় যৌথ অভিযান চালায় ডিবি ও উত্তরা (পশ্চিম) থানা পুলিশ। এরপরই ওই বাসা থেকে জামায়াতে ইসলামীর শীর্ষ ৮ নেতাকে আটক করা হয়।
মঙ্গলবার রাজধানীর কদমতলী থানার পৃথক দুইটি মামলায় জামায়াতে ইসলামীর আমীরসহ আটজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে দলটি।
পুলিশ সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরী আমীর মো: শাহজাহান, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এবং বাড়ির মালিক নওশের। অপর ব্যক্তি বাড়িটির নিরাপত্তারক্ষী বলে জানা গেছে।
দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক সাজু মিয়া বলেন, এই আটজনের প্রত্যেককে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিন করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রতিবাদ: দলের আমীর মকবুল আহমাদ, নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, আইনানুগ রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী তার দলীয় কর্মসূচি পরিচালনায় দেশের আইন, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে চলে। সোমবার সন্ধ্যায় দলের আমীরের নেতৃত্বে ঘরোয়া বৈঠক চলাকালে পুলিশ অন্যায়ভাবে দলের আমীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে। আমরা সরকারের এ অন্যায় ও ন্যক্কারজনক ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য পরিকল্পিতভাবে দলের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় জামায়াত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হলো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াত নেতৃবৃন্দকে আটক করে দলের অগ্রগতি স্তব্ধ করা যাবে না। তিনি অবিলম্বে আমীরে জামায়াতসহ গ্রেপ্তারকৃত সব নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D