২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
পনেরোটি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি উপজেলা নিয়ে কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তবে আওয়ামী লীগের চরম কোন্দলে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি। আলোচনায় রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশ নিয়ে সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের নাম জানা গেছে।
সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক নাসিমুল আলম চৌধুরী নজরুল আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে বরুড়ায় বিভিন্ন কৌশলে প্রচারণা চালাচ্ছেন। আওয়ামী লীগ থেকে সম্ভাব্য আরো মনোনয়নপ্রত্যাশী হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম ও শিল্পবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী। এ আসনে আওয়ামী লীগে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। এ কারণে বিগত স্থানীয় সরকার নির্বাচনে সুবিধা করতে পারেনি আওয়ামী লীগ। ১৫টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান, সাতটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান এবং একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান রয়েছেন। সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির। পৌরমেয়র, উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির।
এই আসনে বিএনপির প্রার্থী তালিকার প্রথমেই রয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, জেলা সহসভাপতি ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। তার বাবা মরহুম আবু তাহেরও এই আসন থেকে তিনবার ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু। তৃণমূল রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে নিয়মিত বিএনপির কর্মসূচিতে সক্রিয় অংশ নিয়েছেন তিনি। বিএনপি থেকে তিনি এবার মনোনয়ন চাইবেন। সাবেক ছাত্রনেতা বাদরু জানান, ৩৮ বছর ধরে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছি। এবার এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিগত সময়ে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করেছি। বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছি। আমি মনে করি বিএনপি থেকে আমি মনোনয়ন পেতে পারি। এই আসনের বিএনপি নেতাকর্মীরা জানান, সুষ্ঠু ভোট হলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।
এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল বিজয়ী হয় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে। বর্তমানে জাতীয় পার্টির এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন। উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেনও জাতীয় পার্টির। অধ্যাপক নুরুল ইসলাম মিলন দলের একক প্রার্থী। জানা গেছে, মহাজোটের প্রার্থী না হতে পারলেও তিনি জাপা থেকে নির্বাচন করবেন।
এছাড়া এ আসন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো: ইসমাইল হোসেন নির্বাচন করবেন বলে জানা গেছে।
কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে আওয়ামী লীগ জয়লাভ করেছে চারবার, বিএনপি চারবার এবং জাতীয় পার্টি দু’বার। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন আওয়ামী লীগের নাসিমুল আলম চৌধুরী নজরুল। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এখানে মহাজোট থেকে মনোনয়ন পান সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাপা নেতা অধ্যাপক নুরুল ইসলাম মিলন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল ইসলামকে পরাজিত করে লাঙ্গল প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D