২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭
নির্বাচনী আওয়াজ শুনতে পেরে সরকার ও তাদের লোকেরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যারা বিষোদগার করছেন তাদেরকে নিজেদের চেহারাটা আয়নায় দেখুন। বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকারকারী নেত্রীর নাম বেগম খালেদা জিয়া।
সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসন। রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে আশ্রয় দিতে বলছি না। তাদের সাময়িকভাবে আশ্রয় দেয়া হোক। পরবর্তীকালে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মায়ানমার সরকারকে বাধ্য করা হোক।
মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ব বিবেক যখন রোহিঙ্গা ইস্যুতে জাগ্রত তখন সরকার কোনো প্রকার প্রস্ততি গ্রহণ করছে না। আমরা যখন কথা বলতে শুরু করেছি তখন তারাও বলতে শুরু করেছে। আমরা নাকি রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করছি। একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই- রোহিঙ্গা ইস্যুতে আমরা কোনো রাজনীতি করতে চাই না।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে একটি নির্বাচনের জন্য, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঠিক সেইসময় নির্বাচনী আওয়াজ শুনতে পেরে সরকার ও তাদের লোকেরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের বন্দী করে নির্বাচনী কৌশল এখন থেকেই গ্রহণ করছে তারা। কিন্তু দেশের জনগণ তা কখনোই মেনে নেবে না। দেশবাসী একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্ততি নিচ্ছে।’
মির্জা ফখরুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান; ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জয়নুল আবেদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ। সভার সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D