|
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাংকসগিভিং ডে উদযাপনে বিঘ্ন ঘটার পাশাপাশি বাতিল হয়েছে ৪৫১টি ফ্লাইট। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। ঝড়ের কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেডও স্থগিত করা হয়েছে।
প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ডে উদযাপন করা হয়। ১৬২১ সালে ফসল কাটার আনন্দ উদযাপনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। পরে তা যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। ১৮৬৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রজুড়ে উৎসবটি উদযাপিত হলেও নিউইয়র্কের মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড এর অন্যতম প্রধান আকর্ষণ। প্রায় ১০০ বছরের ইতিহাসে এবারই প্রথম ঝড়ের কারণে এই আয়োজন স্থগিত করতে হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে। বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট।
অন্যদিকে, ঝড়ের প্রভাবে পূর্ব উপকূলের বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। উপকূলীয় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা।
মামদানির বার্তা
ঝড়ের কারণে মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিতের ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি জানান, আগামী ২৮ নভেম্বর শনিবার প্যারেডটি অনুষ্ঠিত হবে।
ভিডিওবার্তায় মামদানি বলেন, ‘প্রিয় নিউইয়র্কবাসী, আমরা এখন ঝড়ের মুখে রয়েছি। সবার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১০০তম বার্ষিক মেসি’স থ্যাংকসগিভিং ডে প্যারেড আগামী ২৮ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।’
ঝড়ের সময় নিরাপদ থাকতে নগরবাসীকে ঘরে অবস্থান করা, জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D