|
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘প্রথম আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন-২০২৬’-এর প্রতিপাদ্য ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্য আমাদের আত্মপরিচয়, ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে মুক্তচিন্তা, যুক্তিবাদ ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, মুসলিম সাহিত্য সমাজ এবং কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মুক্তচিন্তা ও প্রতিবাদের চেতনায় অনুপ্রাণিত করে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা ও চর্চাকে এগিয়ে নেবে।
আয়োজকরা জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছর কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধি ও যুক্তিবাদী চিন্তার ঐতিহ্য এবং নজরুলের দ্রোহ, সাম্য ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১২৬টি প্রবন্ধ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এসব প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হবে।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।
থিম স্পিকারের বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক ড. মেজর মো. আশ্রাফুল করিম। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
দিনব্যাপী এ আয়োজনে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৩টি সমান্তরাল অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D