|
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।
এর আগে গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি আমান উল্লাহ সাগর নিজের সব সম্পত্তি-১২ শতাংশ জমি-লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি চেয়েছিলেন। তবে আদালত তাঁর সেই প্রস্তাব নাকচ করে দেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ করেন পরিবারের সদস্যরা। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
মামলার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।
এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠায়। পরীক্ষার ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ তদন্তের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৮ অক্টোবর যুক্তিতর্কের শুনানিতে আসামিপক্ষ থেকে আপসের প্রস্তাব দেওয়া হলেও বিচারক তা নাকচ করে দেন। ওই দিনই ১১ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D