|
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
সিলেটসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ বাধ্যতামূলক করেছে সরকার। আপিলের ক্ষেত্রে প্রয়োজনে এসব ভিডিও আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় গঠন করা হবে একটি করে মিডিয়া সেল।
মন্ত্রিপরিষদ বিভাগের সম্প্রতি জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। ভিডিওর একটি কপি পাঠাতে হবে জেলা পর্যায়ের মিডিয়া সেলে। ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল আদালতে প্রয়োজনে এসব ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণেও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে জব্দ করা মালামাল রাখার জন্য নিরাপদ ও সুরক্ষিত কক্ষ, স্থাপনা বা স্থান নির্ধারণ করতে হবে। মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট দায়িত্ব দিতে হবে।
জব্দ করা মালামালের তথ্য সংরক্ষণে নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতি মাসে ওই রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। তবে পচনশীল বা দ্রুত নষ্টযোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী দ্রুত নিষ্পত্তি করতে হবে।
আপিল মামলার শুনানি পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অথবা সহকারী পাবলিক প্রসিকিউটরদের মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন। এ বিষয়ে আদালত ও সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।
এ ছাড়া জেলা ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন দপ্তরের প্রধানরা অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেবেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
প্রতিটি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে মিডিয়া সেল গঠন করা হবে। এতে জেলা তথ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা থাকবেন। এই সেল ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কার্যক্রমের ভিডিও এবং স্থিরচিত্র সংগ্রহ করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D