|
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দা ও মোবাইল ফোনসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এস এর মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন তারা।
আটক ব্যক্তিরা হলেন ভারতের খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। তারা সীমান্ত অতিক্রম করে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করলে সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোনসহ ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D