|
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি আব্দুল হামিদকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর থানাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, ভিকটিম (১৫) হবিগঞ্জের বাহুবল থানাধীন শাহাপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, আসামি আব্দুল হামিদ ভিকটিমের বোনের দেবর হওয়ায় প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি বিভিন্ন সময়ে ভিকটিমকে অশালীন কথাবার্তা ও আচরণের মাধ্যমে উত্ত্যক্ত করতেন।
বিষয়টি ভিকটিমের পরিবার আসামির পরিবারের সদস্যদের জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং আব্দুল হামিদ ও তার মা ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেন। ভিকটিমের পরিবার ওই প্রস্তাবে অসম্মতি জানালে আব্দুল হামিদ ক্ষিপ্ত হয়ে কিশোরীকে জোরপূর্বক অপহরণের হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে পরিচিতজনের ডাকে সাড়া দিয়ে ভিকটিম বাড়ি থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা আব্দুল হামিদ তার বোনের স্বামী আব্দাল খানের সহযোগিতায় কিশোরীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে হবিগঞ্জের বাহুবল থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি আব্দুল হামিদকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ (৩০) হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন দত্তপাড়া গ্রামের মৃত ফজলুল হক ওরফে ময়না মিয়ার ছেলে।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ, তিনি জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D