বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ডাঃ জোবায়দা রহমান !

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৭

বিএনপি’র রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ডাঃ জোবায়দা রহমান !

১৯ জুলাই ২০১৭, বুধবার : বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবায়দা রহমান রাজনীতিতে যোগ দিচ্ছেন মর্মে জোর গুঞ্জন উঠেছে। ২০১৯ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে তার অভিষেক ঘটতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্য সফররত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ নিয়ে তার ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাঃ জোবায়দার সাথে কথা বলতে পারেন বলে দলীয় সূত্র আভাস দিয়েছে।
দলীয় একটি সূত্র জানায়, রাজনীতিতে ডাঃ জোবায়দার অভিষেক নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।
সূত্র মতে, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলমান রয়েছে। এসব মামলার বিষয়টি মাথায় রেখে মূলত ডাঃ জোবায়দাকে রাজনীতিতে আনা হচ্ছে।
২০০৭ সালে রাজনৈতিক পট পরিবর্তনের সময় গ্রেফতার হন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে চিকিৎসার জন্য গমনের পর আর দেশে ফেরেননি তারেক। লন্ডনে তার সাথে স্ত্রী ও তার একমাত্র কন্যা সন্তান জায়মা রহমানও অবস্থান করছেন। খালেদা জিয়া পরিবারের কোন সদস্য ছাড়াই দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
সিলেটের কৃতী সন্তান, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডাঃ জোবায়দার রয়েছে রাজনৈতিক উত্তরাধিকার। রাজনৈতিক পরিবারের সন্তান ডাঃ জোবায়দা রাজনীতিতে সক্রিয় হলে দেশের রাজনীতিতে তা গুণগত পরিবর্তন বয়ে আনবে বলে দলের তৃণমূল নেতা-কর্মীরা মনে করছেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল মাহবুবুর রহমান (অবঃ) বলেন, রাজনীতিতে ডাঃ জোবায়দার যোগদানের ক্ষেত্রে কোন সমস্যা নেই। দেশের রাজনীতিতে বর্তমানে একটি সংকট চলছে। এই অবস্থায় রাজনীতিতে ডাঃ জোবায়দার খুবই প্রয়োজন। (সূত্রঃ ঢাকা ট্রিবিউন)