জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ ও তাঁর মেয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জুড়ী নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধারের পর রাতে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূ হত্যার কথা স্বীকার করেছেন।

নিহত আবুল কালাম (৪০) উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার দুজন হলেন গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব কচুরগুল নালাপুঞ্জি এলাকার আছমা বেগম (৩৮) ও তাঁর মেয়ে লিমা আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম দুটি বিয়ে করেছিলেন। তাঁর দ্বিতীয় স্ত্রী আছমা বেগমের ননদ। আছমার স্বামী মারা যাওয়ার পর তিনি দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করতেন। সংসারের খরচ চালাতে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা কিনেছিলেন। ওই অটোরিকশা ভাড়ায় চালাতেন আবুল কালাম। এ কারণে আছমার বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল।

পুলিশের তথ্যমতে, একপর্যায়ে আছমা ও কালামের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত মঙ্গলবার রাতে কালাম আছমাদের বাড়িতে যান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই এলাকায় জুড়ী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা মরদেহ আবুল কালামের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদনে গলায় একাধিক কোপের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কালামের ছোট ভাই হাফিজ উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জুড়ী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে কালামের মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে আছমা ও তাঁর মেয়ে লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আছমার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত একটি দা ও কালামের মুঠোফোন জব্দ করা হয়েছে। মামলায় আছমা ও তার মেয়ে লিমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, তাদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য মৌলভীবাজারের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট