সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত

সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অফিস আদেশে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া চারজন পুলিশ সদস্যই তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিষযটি নিশ্চিত করেছেন হাইওয়ে সিলেট রিজিওনের পুলিশ সুপার দীপক জ্যোতি খৃষা। তিনি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় বাস থামিয়ে তল্লাশী চালিয়ে এক পর্যটককে হয়রানী করা হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে এদিন এক অফিস আদেশে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

হাইওয়ে সিলেট রিজিওনের পুলিশ সুপার দীপক জ্যোতি খৃষা বলেন, যেকোনো ব্যক্তি বা যানবাহনকে সন্দেহ হলে থামানো এবং তল্লাশি করার একমাত্র আইনগত অধিকার পুলিশের রয়েছে। তল্লাশি করা অন্যায় নয়, তবে হয়রানির উদ্দেশ্যে বা অন্যায় কোনো সুবিধা আদায়ের জন্য অযথা কাউকে তল্লাশি বা হয়রানি করা হচ্ছে কিনা সেটিই দেখার বিষয়।

তিনি বলেন, একজন সাধারণ মানুষ কম্বল নিয়ে যাওয়ার সময় তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা অন্যায়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই ঘটনায় জড়িত দুইজন এবং আগের দিন চেকপোস্টে দায়িত্বপালনকারী আরও দুইজনসহ চারজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, সিলেটের জাফলং বেড়াতে যাওয়া এক পর্যটক একটি কম্বল কিনে নিয়ে আসার পথে জৈন্তাপুরের কাটাগাঙ এলাকায় হাইওয়ে পুলিশ তাদের বহনকারী বাসকে থামিয়ে তল্লাশী চালায়। এক পর্যায়ে কম্বলসহ ওই পর্যটককে হেনস্থা করে পুলিশ সদস্যরা। পরে বাসের অন্যান্য যাত্রীদের সহযোগীতায় তিনি ছাড়া পেয়ে সিলেট চলে আসেন।

সীমান্তঘেঁষা সিলেটে চোরাচালান ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। চোরাচালানবিরোধী এই তৎপরতার মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে পর্যটকদের। পর্যটনকেন্দ্রিক বিভিন্ন সড়ক ও পরিবহনপথে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এমনকি রেলওয়ে পুলিশের তল্লাশির মুখেও পড়তে হচ্ছে পর্যটকদের। পরিবার নিয়ে বেড়াতে আসা অনেক পর্যটককে ব্যাগ, গাড়ি ও মালপত্র নিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট