|
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসেন রাষ্ট্রপতি। সিলেট প্রবেশের পথে মহানগর বিএনপির নেতা কর্মীরা নগরীর ৭টি পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানায়।
মঙ্গলবার দুপুরে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
বিকেল সাড়ে তিনটায় যোগ দেন সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে।
এদিকে সিটি কর্পোরেশনের এই অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বয়কটের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওই অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি তৈরি করে সংবর্ধনার আয়োজন না করা ও অনুষ্ঠানের আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো সিটি কর্পোরেশন আয়োজিত এই অনুষ্ঠান বয়কট করেছে।’
দলটির নেতাদের ভাষ্য, রাষ্ট্রপতির সিলেট সফরকে স্বাগত জানিয়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন পয়েন্টে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানিয়েছেন। তবে নাগরিক সংবর্ধনার আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় মূল অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
স্থানীয় নেতৃবৃন্দের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই এই সংবর্ধনা অনুষ্ঠানে যাননি। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এ ছাড়া মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, সুনামগঞ্জের সংসদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিএনপির নেতৃবৃন্দও অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি বলে দাবি করেছেন স্থানীয় নেতারা।
তাঁদের অভিযোগ, রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে বৃহত্তর সিলেটের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি নাগরিক কমিটি গঠন করা প্রয়োজন ছিল। কিন্তু সে ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ না করে সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটাকে নাগরিক সংবর্ধনা বলা যায় না। এটা সিসিকের সংবর্ধনা। এই প্রোগ্রামটি একক ব্যক্তির প্রোগ্রাম। মহানগরের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী এই অনুষ্ঠান বয়কট করেছে।’
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। এক দিনের এ সফরে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D