|
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকায় পৌঁছান। মাজারে পৌঁছে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাজার জিয়ারত শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে তার গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়। সেখানে পৌছে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সফরসূচি অনুযায়ী, বিকেলে সিলেট নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৯ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারের সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি। পরে দুপুরের দিকে সার্কিট হাউজ থেকে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাষ্ট্রপতির গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করে, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। মাজার জিয়ারতের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D