|
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন উপলক্ষে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনার যোগ দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সংবর্ধনা শেষে রাত ৮টায় তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে নগরবাসীর মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি বলেন, নাগরিক সংবর্ধনায় সেই প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও মাজার এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও প্রয়োজনীয় সংস্কারকাজ জোরদার করা হয়েছে। তিনি গত শনিবার হযরত শাহজালাল (রহ.) ও রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি মাজার এলাকা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নেওয়া প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন।
রোববার পরিদর্শন শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “রাষ্ট্রপতি ১৫ সেপ্টেম্বর সিলেট সফর করবেন। সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে সিলেটের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফরকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।”
তিনি বলেন, “রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তিনি যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারত করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে সিসিকের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সোমবারের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে সিটি করপোরেশন। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসীও প্রস্তুত রয়েছেন।”
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ নিয়ে গত শনিবার বিকেল সাড়ে তিনটায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভায় নিরাপত্তা পরিকল্পনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। রাষ্ট্রপতির সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার।
এর আগে, গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সেখানে তিনি রাষ্ট্রপতির সফরসূচি ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
রাষ্ট্রপতির সফর ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফর নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রায় ১২০০ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় থাকবেন প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ। র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে। এসএসএফের সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয় সভার নির্দেশনা অনুযায়ী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D