২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে অবস্থান নিয়ে তাঁরা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টা থেকেই মাইকিং করে স্থানীয়দের জড়ো করে কুট্টাপাড়া মোড়ে মানববন্ধন শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দীর্ঘ জট সৃষ্টি হয়। এই যানজটের প্রভাব কুমিল্লা-সিলেট এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও ছড়িয়ে পড়ে, যার ফলে হাজারো যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন।
উল্লেখ্য, গত ১০ জুলাই সরাইলের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে জিহাদ মিয়াকে নৃসংশভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
মানববন্ধনে জিহাদের মা সারিন বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার তরতাজা ছেলেটাকে কুপিয়ে মারা হলো, অথচ পুলিশ এখনো খুনিদের ধরছে না। আমরা গরিব বলে কি বিচার পাব না?’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁরা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এবং অপরাধীদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপের জোরালো আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেওয়া হলেও টানা দেড় ঘণ্টার এই অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, খুনিদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D