১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
জয়পুরহাটে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিন রনি (২৭) নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিন রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা একজন মালয়েশিয়া প্রবাসী। শিশুটি তার মায়ের সঙ্গে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে নানার বাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় এই নৃশংসতার শিকার হয় সে। খেলা শেষে বাকি শিশুরা চলে গেলে, আসামি রনি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে কৌশলে তার চাচার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেয় রনি।
পরদিন শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর ঘটনার প্রায় দেড় মাস পর, ২০২২ সালের ৫ আগস্ট আক্কেলপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, নিবিড় শুনানি এবং ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত এই রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি বলেন,”এই রায়ের মাধ্যমে সমাজ থেকে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ দমনে আইনের কঠোর শাসনের বার্তা আরও স্পষ্ট হলো। এমন অপরাধ প্রতিরোধে দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখা জরুরি।”
আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত সেনা সদস্য সিরাতুল ইসলাম মোস্তাকিন রনিকে কড়া পুলিশি পাহারায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D