১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৭
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, জালিম সরকার বলে যদি কিছু থাকে, সে সরকারের প্রধান ছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব-উল-আলম হানিফ ‘জালিম সরকারকে সরাতে হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে বুধবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর বাসসের।
বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘হাওয়া ভবনে বসে বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।’
তিনি আরো বলেন, এই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কমী নিহত হয়েছিল। আর তাই জালিম সরকার বলে যদি কিছু থাকে, সে সরকারের প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া।’রাজধানীর গুলিস্থানের জিপিও ভবন মিলনায়তনে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু।
‘আওয়ামী লীগ হত্যা, গুম ও সকল নির্যাতনের বিরুদ্ধে’ উল্লেখ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘সরকার পতনের আন্দোলনের নামে যারা দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে এবং পুলিশকে পিটিয়ে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে সাজা দিলেই সরকার জালিম হয়ে যায় না।’
বিএনপি আবার ক্ষমতায় এলে এক কাপড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বের করে দেবেন বলে বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে এবং আবার তাঁরা ক্ষমতায় এলে দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেবে।
তিনি বলেন, ‘এদেশের মানুষ ভালো করে জানে, এ দেশ ও তাঁর জনগণের প্রতি আপনার কোন দয়া-মায়া নেই। আপনার সকল প্রেম ও ভালোবাসা হলো শুধুমাত্র পাকিস্তানের জন্য।’
বেগম খালেদা জিয়ার মানসিকতার এখনো কোন পরিবর্তন হয়নি বলে উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের মানুষ আর কখনো বিএনপিকে দেশের ক্ষমতায় বসার সুযোগ দেবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D