২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আহত মোহাম্মদ আজাদ সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের ‘ঢ’ বগিতে যাত্রা করছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে কলেজপাড়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাঁচ ভেঙে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে সহযাত্রীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনার পর পুরো ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে আশপাশের এলাকায় তদন্ত চলছে।
তিনি আরও বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে র্যাব, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও দুষ্কৃতকারীরা এমন অপরাধ ঘটিয়ে চলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।
এর আগে, গত ২১ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে পৈরতলা এলাকায় বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে নাইমুল হাসান নামে এক যাত্রী আহত হন। গুরুতর জখম হওয়ায় তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছিল।
এ ছাড়া গত ২৪ জুন রাতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। পাথরের আঘাতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ অস্ত্রোপচারের পরও চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।
একের পর এক চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলযাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। যাত্রীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং রেলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D