ফেনীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

ফেনীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ কাওছার ও ওয়াহিদা আক্তার জুঁই নিহত হন। আহত অবস্থায় জাকিয়া আক্তারসহ আরও তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকিয়া আক্তারের মৃত্যু হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। মরদেহ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট