টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, আজ বুধবার সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় বাস থেকে এক যাত্রীর ফোন ছিনতাইয়ের সময় এক যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত মো. জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ‎দুপুরে হাসপাতাল থেকে ওই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।