২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে অভিযানকারীদল হামলার শিকার হয়েছেন। এ সময় হ্যান্ডকাপসহ এক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয় মাদক কারবারিরা। হামলায় আহত হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সদস্য।
শনিবার বিকেলে অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসীর হাসান খান।
অভিযানে আশীষ চন্দ্র শীল (২৬) নামের এক তরুণের দেহ তল্লাশিকালে গাঁজা সহ আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পলাতক আসামি পোড়াভিটা এলাকার মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সালকে (২৪) মাদক ও টাকাসহ আটকের পর হ্যান্ডকাপসহ মাদক কারবারীরা হামলা চালিয়ে ছিনিয়ে নেয়। রোববার দুপুর পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে এ ঘটনার পর থেকে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসীর হাসান খান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে শনিবার (২০ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিয়ে প্রশাসন দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। স্থানীয় এশিয়া বোডিং থেকে গাঁজা সেবনরত অবস্থায় আশীষ চন্দ্র শীল নামের একজনকে আটক করা হয়। পোড়াভিটা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী লাইলী বেগমের বাড়িতে বিপুল পরিমাণ মাদকের কারবার চলছে খবর পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চালানো হয়। বাড়ির প্রধান ফটকে তালা বন্ধ দেখে খুলতে বললেও না খোলায় তালা ভেঙে ভিতরে প্রবেশ করেই ফয়সাল নামের একজনকে আটক করে হ্যান্ডকাপ পড়ানো হয়। প্লাস্টিকের ব্যাগভর্তি বিপুল পরিমাণ টাকা নিয়ে পিছনের জানালা দিয়ে পালানোর চেষ্টাকালে লাইলীর স্বামীকে ধরা করা হয়। পাশের ঘর থেকে দেখতে পেয়ে লাইলী ছুটে এসে আমাদের সামনে নিজের পড়নের কাপড় ছিড়ে অপ্রীতিকর পরিবেশ তৈরী করে। তাকেও আটকের চেষ্টা করলে ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে ফয়সালকে ছিনিয়ে নেয় এবং লাইলীর স্বামী পালিয়ে যায়। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনজন সদস্য আহত হন। অবস্থা বেগতিক দেখে আমরা দ্রুত নিরাপদস্থানে সরে আসি।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, মাঝেমধ্যে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালানো হয়। শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে অভিযানে দুইজনকে আটক করা হয়। চিহিৃত মাদক ব্যবসায়ী লাইলী বেগমকে আটকের চেষ্টাকালে অতর্কিতভাবে স্থানীয় মাদক ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় ভিড়ের জটলায় পড়ে হ্যান্ডকাপ পড়া অবস্থায় ফয়সাল নামের একজন পালিয়ে যায়। পরে ঘাট এলাকা থেকে হ্যান্ডকাপটি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া অভিযানটি যেহেতু একজন ম্যাজিষ্ট্রেটের তত্বাবধানে হচ্ছিল, সেক্ষেত্রে এসিল্যান্ড মহোদয়ও করনীয় নিয়ে ভাবতে পারেন। আমাদের পক্ষ থেকে পরবর্তী করনীয় নিয়ে উর্দ্বোতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কোন মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D