সাভারে স্ত্রী হত্যার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬

সাভারে স্ত্রী হত্যার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

সাভারে স্ত্রী রিয়া মনি (২১) হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি চৌধুরী ওরফে রনি ইসলামকে (২৩) রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে গ্রেফতার হয়।

পুলিশ জানায়, সাভার মডেল থানায় দায়ের করা হত্যা মামলার আসামি রনি চৌধুরীকে শুক্রবার (১২ জুন) সকালে রংপুর জেলার কোতয়ালী থানাধীন দারোগার মোড় সাতমাথা সবুজপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নিহত রিয়া মনি ছিলেন সৌদি আরব প্রবাসী আব্দুর রউফ ও মালয়েশিয়া প্রবাসী বিউটি বেগমের একমাত্র সন্তান।

৬ বছর প্রেমের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে রনি চৌধুরী তাকে বিয়ে করেন। বিয়ের পর সাভারের ছায়াবীথি এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করতেন। সম্প্রতি বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। গত ৮ জুন সকালে রনির মা রিনা আক্তারকে ফোন করে রনিই প্রথম রিয়া মনির মৃত্যুর খবর জানান। পরে রিয়ার মামা সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে সাভার মডেল থানা পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে মরদেহে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখা যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রনি চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে রিয়া মনিকে হত্যা করে বাসার দরজায় তালা লাগিয়ে আসামিরা পালিয়ে যায়।

মামলা রুজুর পর থেকেই আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ জানান আসামীকে প্রযুক্তির সাহায্যে আটক করা হয়েছে এবং তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা বাদ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট