২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৭
সুইডেনে গিয়ে প্রধানমন্ত্রী বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানোয় বিএনপি আনন্দিত হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না।
শুক্রবার রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ এ রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট এসোসিয়েশন (রুনেসা)-এর আয়োজনে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, ‘সুইডেনে গিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। খুব আনন্দের কথা, আপনার মুখ থেকে নির্বাচনে আমাদের অংশগ্রহণের কথা আগে কখনো শুনিনি। তাতে আমরা কিছুটা আনন্দিত হয়েছি এ জন্য যে তারা বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না।’
প্রধানমন্ত্রীর ঘন ঘন বিদেশ সফরের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘কিছুদিন ধরে তিনি বিদেশ সফর করছেন। প্রায়ই তিনি বিদেশ যাচ্ছেন। কিছুদিন আগে তিনি অস্ট্রিয়া গেলেন, এখন তিনি আছেন সুইডেনে। ভালো কথা। দেশের সমস্যাগুলোর কথা, দেশকে বিশ্বে পরিচিত করানো অত্যন্ত আনন্দের কথা। কিন্তু সেখানে গিয়ে যখন তিনি গণতন্ত্রের কথা বলেন, সেখানে গিয়ে যখন আমাদের লেসন দিতে চান, সবক শিখাতে চান তখন আমরা শুধু আপত্তি করবো না, এর প্রতিবাদও করবো।’তিনি আরো বলেন, ‘সেখানে তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন ২০১৪ সালের মত আমরা যেন ভুল না করি। নির্বাচনে যেন যাই। আমরা তো নির্বাচনে যেতে চেয়েছি। কিন্তু আপনারা চাতুরি করে, প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন আনলেন। তখন আমরা যে আন্দোলন করেছি সে আন্দোলনে আমরা একা ছিলাম না। দেশের সমস্ত রাজনৈতিক দল ছিল। দেশের মানুষ ছিল। সে জন্য জাতীয় পার্টির একটা অংশ ছাড়া আর কাউকে পাননি।’
তিনি বলেন, ‘এখন আমরা আবার দেখতে পাড়ছি সরকার একতরফা নির্বাচন করতে চাইছে। কিন্ত এবার আর একতরফা নির্বাচন হবে না। কিছুদিন পর বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা দেবেন। আপনাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে সেটা মেনে নিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন।’
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন সওকত খালিদ, নির্বাহী কমিটির সদস্য বাবু রমেশ দত্ত, আমিনুল ইসলাম, রুনেসার সাধারণ সম্পাদক মল্লিক মো.মোকাম্মেল কবীর, রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D