যশোরে বিষাক্ত জেলি পুশ করা ১১০০ কেজি চিংড়ি মাছ জব্দ

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

যশোরে বিষাক্ত জেলি পুশ করা ১১০০ কেজি চিংড়ি মাছ জব্দ

যশোরে ১.১ টন (১১০০ কেজি) জেলি পুশ করা গলদা, বাগদা ও হরিনা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রাক মালিকদেরক ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা।

শনিবার (১৬ মে) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় গত শুক্রবার (১৫ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী জেলি পুশকৃত চিংড়ি মাছ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় সাতক্ষীরা হতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী ৪টি চিংড়ি মাছ বোঝাই ট্রাক সন্দেহজনক ভাবে তল্লাশির জন্য আটক করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে সরেজমিনে পরীক্ষা করে ১.১ টন (১১০০ কেজি) গলদা, বাগদা ও হরিনা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়। জব্দ করা চিংড়ির আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা। জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে। এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ট্রাক মালিকদেরকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি মারাত্মক অপরাধ এবং এটি বন্ধে নিয়মিত দেশজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে আটক জেলি পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট