১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৭
রাঙামাটি : রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান চালাতে গিয়ে দুই কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন, মেজর মোহাম্মদ মাহফুজুল হক, ক্যাপ্টেন মো. তানভীর সালাম শান্ত, করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক মো. শাহিন আলম। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ সেনাসদস্য। নিখোঁজ রয়েছেন এক সেনাসদস্য।
আইএসপিআর জানায়, রাঙ্গামাটিতে পাহাড় ধসের উদ্ধার কার্যক্রম চালানোর সময় মঙ্গলবার দুজন সেনা কর্মকর্তাসহ চারজন সেনাসদস্য নিহত হন।রাঙ্গামাটির মানিকছড়িতে একটি পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে রাঙ্গামাটি জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রম চলাকালীন আনুমানিক বেলা ১১টায় উদ্ধার কাজের সংলগ্ন পাহাড়ের একটি বড় অংশ উদ্ধারকারীদলের সদস্যদের ওপর হঠাৎ ধসে পড়ল তারা মূল সড়ক থেকে ৩০ পুট নিচে পড়ে যান।
পরবর্তীতে খবর পেয়ে একই ক্যাম্প থেকে আরো একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুজন সেনা কর্মকর্তাসহ চার জন সেনাসদস্যের লাশ এবং ১০ জন সেনাসদস্যকে আহত অবস্থায় উদ্ধার করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হতাহত সকল সেনাসদস্য ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আইএসপিআর আরো জানায়, গত তিন দিনের প্রবল বর্ষণের ফলে সোমবার থেকেই পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ধস শুরু হয়। এতে করে পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য বিভিন্ন সেনা ক্যাম্পের সদস্যরা সোমবার থেকেই উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
আহত সেনা সদস্যদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
অন্যদিকে উদ্ধার কার্যক্রম চালানোর সময় ভূমিধসে সেনাসদস্য সৈনিক মো. আজিজুর রহমান এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D