মালয়েশিয়ায় ১ এপ্রিল থেকে পেট্রোল কিনতে বিদেশি কার্ডে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

মালয়েশিয়ায় ১ এপ্রিল থেকে পেট্রোল কিনতে বিদেশি কার্ডে নিষেধাজ্ঞা

ভর্তুকির অপব্যবহার ঠেকানো এবং প্রকৃত যোগ্যদের কাছে সুবিধা পৌঁছে দিতে আগামী বুধবার (১ এপ্রিল) থেকে সারা দেশের সব পেট্রোল স্টেশনে RON95 পেট্রোল কেনার ক্ষেত্রে বিদেশি ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (KPDN) এনফোর্সমেন্ট মহাপরিচালক দাতুক আজমান আদম জানান, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো RON95 ভর্তুকি যেন শুধুমাত্র যোগ্য নাগরিকরাই পান এবং বিদেশি নম্বরপ্লেটযুক্ত যানবাহনসহ বিভিন্ন পক্ষের অপব্যবহার বন্ধ করা।

তিনি বলেন, RON95 পেট্রোলের ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণে এটি একটি নতুন ব্যবস্থা। অতীতে দেখা গেছে, বিদেশি নম্বরপ্লেটযুক্ত অনেক যানবাহন স্বয়ংক্রিয় পাম্প টার্মিনালে বিদেশি কার্ড ব্যবহার করে জ্বালানি নিয়েছে। এতে এসব লেনদেন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

আজমান আরও জানান, KPDN তেল কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে ধীরে ধীরে এই ধরনের লেনদেন বন্ধ করবে। বিদেশি কার্ড ব্যবহারকারীদের পাম্পে নয়, বরং কাউন্টারে গিয়ে মূল্য পরিশোধ করতে হবে।

তিনি বলেন, এই উদ্যোগের ফলে পেট্রোল স্টেশন পরিচালনাকারী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নজরদারি সহজ হবে এবং বিদ্যমান নিয়ম মেনে চলা নিশ্চিত করা যাবে। বিশেষ করে যেসব স্টেশনে ১৫টির বেশি পাম্প রয়েছে, সেখানে অপচয় বা ফাঁকফোকর শনাক্ত করা কঠিন। কাউন্টারে অর্থ পরিশোধ বাধ্যতামূলক করলে অযোগ্য ব্যক্তিদের RON95 কেনা ঠেকানো সম্ভব হবে।

তিনি আরও যোগ করেন, কিছু তেল কোম্পানি ইতোমধ্যে এ ব্যবস্থা বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত, অন্যরা ধাপে ধাপে এটি চালু করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট