২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৭
ঘূর্ণিঝড় ‘মোরা’য় আক্রান্ত উপদ্রুত এলাকা সমূহে জরুরি ত্রাণতৎপরতা চালাতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ অভিযোগ করেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে দেশের উপকূলীয় এলাকায় ছয়জনের অধিক মানুষের মৃত্যু এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। লাখ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়ার দুঃখজনক খবরে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। অধিকাংশ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ছাড়াও বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড় আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে নিপতিত হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন জেনে দেশবাসীর ন্যায় আমিও উদ্বিগ্ন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়া ‘মোরা’ আক্রান্ত উপদ্রুত এলাকা সমূহের মানুষদের পাশে দাঁড়ানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এখন অত্যন্ত জরুরি। এখন পর্যন্ত সরকার জরুরি ত্রাণতৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে, এটা খুবই দুঃখজনক।সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, অনতিবিলম্বে দুর্গত মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ওষুধ ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
খালেদা জিয়া বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই ওই সমস্ত দুর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। উপদ্রুত এলাকা সমূহের জনগণের পাশে আরো বেশি করে দাঁড়ানোর জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি।
একই সঙ্গে তিনি ঘূর্ণিঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D