১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬
ঈদ যাত্রীর সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ইন্টারসিটি ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। এ উদ্যোগ নেওয়া হয়েছে জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহের পরিকল্পনার অংশ হিসেবে।
সরকারি সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) প্রথমবারের মতো ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে এই সেবা ব্যবহার করা হয়। এতে ব্যবহার করা হয়েছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ও আধুনিক পাওয়ার ওভার ইথারনেট (PoE) প্রযুক্তি, যা একই কেবলের মাধ্যমে বিদ্যুৎ ও ডেটা সরবরাহ করতে সক্ষম।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ জানান, ঈদের আগেই আরও তিনটি রুটে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে। সেগুলো হলো ঢাকা–রাজশাহী, ঢাকা–সিলেট এবং ঢাকা–খুলনা।
তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের নির্দিষ্ট স্থানে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরীক্ষা চালানোর সময় ডাউনলোড স্পিড ৮ থেকে ৮৮ এমবিপিএস, আপলোড স্পিড ১৩–৪৭ এমবিপিএস, এবং ল্যাটেন্সি ২৩–৪৭ মিলিসেকেন্ড ছিল। একই পরীক্ষায় স্টারলিংক অ্যাপ ব্যবহার করলে সর্বোচ্চ ১৩৬ এমবিপিএস ডাউনলোড এবং ৩১ এমবিপিএস আপলোড দেখা গেছে।
সরকার পরিকল্পনা করছে, ঈদের পর দেশের বড় রেলস্টেশন এবং তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত ও নির্ভরযোগ্য ওয়াইফাই সেবা চালু করা হবে। এতে যাত্রীরা ট্রেনে বসে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ করতে পারবে।
উল্লেখ্য, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—হযরত শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও ঈদের পর পর্যায়ক্রমে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়াইফাই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D