লালমনিরহাটে ১০ মিনিটের ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

লালমনিরহাটে ১০ মিনিটের ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত

লালমনিরহাটে মাত্র ১০ মিনিটের ঝড়ে তিস্তা চরাঞ্চলের অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে গেছে। একই সঙ্গে কৃষি জমিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের গোবর্ধন স্প্যার বাঁধ এলাকায় আগাম কালবৈশাখী ঝড় আঘাত হানে।

ক্ষতিগ্রস্তরা জানান, সেহরির সময় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং ঝড়-বৃষ্টি শুরু হয়। মাত্র ১০ মিনিটের তাণ্ডবে প্রায় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। বড় বড় গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ভেঙে যায়। বৃষ্টিতে ভিজে ঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল নষ্ট হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কৃষকরা জানান, ঝড়ে উঠতি আলু, তামাক, মিষ্টিকুমড়া, ভুট্টাসহ বিভিন্ন সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ভুট্টা গাছ মাটিতে নুয়ে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, কালবৈশাখী ঝড়ে ওই এলাকার প্রায় ৪০ থেকে ৪৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে এবং তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট