খুলনা-বাগেরহাট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

খুলনা-বাগেরহাট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় খুলনা-বাগেরহাট মহাসড়কের গোনাইব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক হাসান বলেন, নিহত ১২ জনের মধ্যে ৩টি শিশু রয়েছে। আর নিহত ১০ জন একই পরিবারের।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায়  ৪ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আর আহতদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, দুর্ঘটনার শিকার একটি পরিবারের বড় ছেলে জনি আমাকে ফোন করে জানান- ‘আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা সবাই মারা গেছে। আমি রামপাল হাসপাতালে যাচ্ছি, তোমরা একটু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাও।’

তিনি বলেন, আমরা এসে কাউকে জীবিত পাইনি, সবাই মারা গেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট