সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মৌলভীবাজারের যুবকের

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মৌলভীবাজারের যুবকের

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী তরুণ রুবেল আহমদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরিবারের স্বপ্ন পূরণে জীবিকার তাগিদে প্রবাসে গেলেও শেষ পর্যন্ত সেই প্রবাসেই তার জীবনাবসান ঘটে।

বুধবার (৪ মার্চ) রাতে প্রতিদিনের মতো কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেল আহমদ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। তিনি জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি এবং এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।