মোটরসাইকেল দূর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

মোটরসাইকেল দূর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা শিক্ষার্থীরা হলো দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত আলীর ছেলে রহমত আলী (১৪) ও আমিনুল ইসলামের ছেলে সাহাবী (১৪)। গুরুতর আহত শিক্ষার্থী একই এলাকার জিয়ার আলীর ছেলে সাইফ আলী (১৪)। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টার দিকে ৩ বন্ধু মোটরসাইকেলে দৌলতখালী মাদরাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখালী গ্রামের হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ছিটকে পড়ে ৩ জনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রহমত ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট