ক্ষমতালোভী স্বৈর শাসকদের হৃৎকম্পন শুরু হয়ে গেছে : দুদু

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

ক্ষমতালোভী স্বৈর শাসকদের হৃৎকম্পন শুরু হয়ে গেছে : দুদু

২০ মে ২০১৭, শনিবার : ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতালোভী স্বৈর শাসকদের হৃৎকম্পন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘বিএনপির ভিশন ২০৩০ ঘোষণার পর আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ। এতই খারাপ হয়েছে যে ক্ষমতা হারানোর ভয়ে তাদের হৃৎকম্পন শুরু হয়েছে।’

শনিবার (২০ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মধুখালী পৌর সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সরকার তত নার্ভাস হয়ে পড়ছে। পুলিশকে ব্যবহার করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শুধু তাই নয় কালকেও যদি বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হয়, তার পরের দিন যিনি প্রধানমন্ত্রী হবেন সেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে কোনো কারণ ছাড়াই হঠাৎ তল্লাশি করা হয়েছে।’

এসময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘যতই চেষ্টা করুন ক্ষমতায় থাকতে পারবেন না। আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, দলীয় সরকার বলে কিছুই থাকবে না। তখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনারা কোন প্রার্থীই খুঁজে পাবেন না।’
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘দুর্নীতিবাজদের যদি ধরতে চান তাহলে সংসদে যান।’
নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন গণতন্ত্রের জন্য আন্দোলন ও সংগ্রাম করছে। তাদেরকে কারাগারে রাখার অর্থই হল গণতন্ত্রকে কারাঘারে রাখা।’
এসময় তিনি সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি জানান।
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জিনাপের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট