যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু

 


মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম। এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা সেখান থেকেই আবেদন করে ভোটার হতে পারবেন।

বুধবার (১৫ অক্টোবর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন

তিনি জানান, ‘আমেরিকায় আমাদের চারটি মিশন অফিসে এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ১০ জনের এনআইডি কার্ড প্রসেস করে হস্তান্তরও করা হয়েছে। এর মধ্য দিয়েই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে যারা যুক্তরাষ্ট্রে থেকে ভোটার হতে চান বা এনআইডির সেবা নিতে চান, তারা নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। মিশন অফিসের কর্মীরা আমাদের টেকনিক্যাল টিমের সহায়তায় পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছেন।’

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রবাসী নিবন্ধন কার্যক্রম পর্যায়ক্রমে ৪০টি দেশে সম্প্রসারণ করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বর্তমানে ১১টি দেশে (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র) মোট ১৭টি স্টেশনে এই সেবা চালু রয়েছে।

ইসির তথ্যানুযায়ী, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস) সহায়তায় ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের অধিক উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, হংকং, মিশর, ব্রুনাই, মৌরিশাস, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ।

ইসির তথ্য অনুযায়ী, এসব দেশে প্রায় এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন প্রবাসী বাংলাদেশি আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন রয়েছেন সৌদি আরবে এবং সবচেয়ে কম ২ হাজার ৫০০ জন নিউজিল্যান্ডে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট