সিলেটে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু শনিবার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

সিলেটে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু শনিবার

সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু হচ্ছে শনিবার (১৬ আগস্ট)। এদিন বিকেল তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনের আনুষ্টানিকতা শেষে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে সিলেট সদর উপজেলা ফুটবল দল ও জকিগঞ্জ উপজেলা ফুটবল দল। টুর্নামেন্টে এবার মোট ১৪টি দল অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন আয়োজক সিলেট জেলা প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নের টিপু মজুমদার প্রেসবক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অপর সদস্য শাহাজ উদ্দিন টিপু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ ১৩টি উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন মিলে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। এবারের টুর্নামেন্টের শ্লোগান ‘ইমোশনস ইন ফুটবল’-কে মূল থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফুটবলকে মানুষের অন্তরে ছড়িয়ে দিতে হবে। সেজন্য প্রতিটি উপজেলা থেকে ফুটবল মেধা খোঁজে বের করতে হবে। তাদের মাঠে স্থান দিতে হবে। তৈরি করতে হবে লোকাল হিরো। ফুটবলের সার্বিক উন্নয়নের মাধ্যমে নতুন খেলোয়াড় বের করে এনে তাদেরকে ডেভেলাপমেন্ট লেবেল থেকে কম্পিটিটিভ লেবেল হয়ে এলিট লেবেলে পৌঁছাতে সহযোগীতা করবে। দর্শকদের খেলা দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। সিলেট জেলা স্টেডিয়ামের গেইট দর্শকদের জন্য উন্মোক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার পাল।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির তিন সদস্য সাংবাদিক ইয়াহিয়া ফজল, ছাত্র প্রতিনিধি ওয়াহেদ উমায়েদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট