সিলেটে পেট্রোল পাম্পে তেল না পেয়ে কর্মীকে ছুরিকাঘাত, প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস ধর্মঘট আহবান

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬

সিলেটে পেট্রোল পাম্পে তেল না পেয়ে কর্মীকে ছুরিকাঘাত, প্রতিবাদে মঙ্গলবার অর্ধদিবস ধর্মঘট আহবান

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে মিঠু গোয়ালা নামে এক কর্মীকে ছুরিকাঘাত করেছেন এক গ্রাহক। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে ইফতারের প্রায় দুই মিনিট আগে ওই পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকের সঙ্গে কর্মীদের কথাকাটাকাটি হয়। তেল না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামে এক কর্মীকে ছুরিকাঘাত করেন।

সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় মিঠু গোয়ালাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে সিলেট বিভাগে জ্বালানি তেল বিপণন খাতে বর্তমান সংকট নিরসন ও পাম্প সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘সোমবার বিকেলে নগরীর চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোলিয়াম নামক পাম্পে জ্বালানি তেল নিতে আসা এক ব্যক্তি পাম্পের ম্যানেজারের উপর হামলা চালায়। ছুরিকাঘাতে তিনি মারাত্মক আহত হন। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে নেতৃবৃন্দ বৈঠকে বসেন।’

বৈঠক শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান জানান, বিপিসি’র ত্রুটিপূর্ণ জ্বালানি তেল বিপণন নীতি সংশোধন করে সিলেট বিভাগে জ্বালানি সরবরাহ ব্যবস্থা দ্রুত আধুনিক ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক করার দাবি জানিয়ে মঙ্গলবার অর্ধদিবস ধর্মঘট পালন করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট