১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৬
বর্তমান সরকারের অগ্রাধিকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আজ মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট বিভাগের সুনামগঞ্জে এই ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার তিন গ্রামের ৬৯৭ জন নারী।
তবে মঙ্গলবার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ২৫০০ টাকা করে পাবেন ৫১৭ জন। টাকা প্রাপ্তির হিসাব জটিলতার কারণে অন্যরা পরে পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় ও সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড পাচ্ছেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারী। ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে ওই তিনটি গ্রামের ৯৫৪টি খানার (পরিবার) জরিপ করা হয়েছে।
পরে চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা ৮২১ টি খানার তথ্য ভাতার সার্ভারে জমা দেওয়া হয়েছে।
সমাজসেবা অফিস জানিয়েছে, বর্তমানে ওই তিনটি গ্রামে সরকারের বিভিন্ন ভাতা-উপকারভোগীদের মধ্যে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা ৭০ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি চাল পান ৩৪ জন ও খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচ্ছেন ৪১ জন উপকারভোগী।
জানা গেছে, দিরাই উপজেলার আকিল শাহ ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মধ্যবর্তী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন নারীর হাতে প্রতীকী কার্ড তুলে দেবেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান স্থানীয় সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীসহ জেলার সব সংসদ সদস্য ও পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার বলেন, কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামে বাড়ি-বাড়ি গিয়ে খানা জরিপ করে তথ্য জমা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ৬৯৭ জন ফ্যামিলি কার্ডের তালিকাভুক্ত হয়েছেন বলে জানা গেছে।
তবে মঙ্গলবার ৫১৭ জনের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ২৫০০ টাকা করে জমা হবে। অন্যদের ব্যাংক ও বিকাশের হিসাবের জটিলতা নিরসনের পর পাবেন। প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী ৫ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D