নেত্রীকে হাসিনা, হাসিনা বললে আমরা অপমানিত হই : কাদের

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৭

নেত্রীকে হাসিনা, হাসিনা বললে আমরা অপমানিত হই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে হাসিনা, হাসিনা বলে সম্বোধন করেন। এটা খুব বাজে ভাষার ‘অ্যাড্রেস’ উল্লেখ করে তিনি বলেন, এতে আওয়ামী লীগ অপমানিত হয়।

এ সময় তিনি বিএনপি নেত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করার ক্ষেত্রে পুরো নামটা ব্যবহার করবেন।

সোমবার মুজিবনগর দিবসে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, তাদের আজ কোনো চেতনা নেই, মূল্যবোধ নেই, তাদের কাছে আজ সৌজন্যবোধও নেই।…শেখ হাসিনার জন্যই বাংলাদেশ আজ সারা বিশ্বের বিশ্বয়। সেই শেখ হাসিনাকে তিনি (খালেদা জিয়া) শেখ হাসিনাও বলেন না, হাসিনা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খুব বাজে ভাষায় নামটা অ্যাড্রেস করেন। …কিন্তু কোনোদিন তো আমরা আপনার নামটা বাজেভাবে উচ্চারণ করি না, আপনাকে আমরা বেগম খালেদা জিয়া বলে উচ্চারণ করি। অথচ আপনি আমাদের নেত্রীকে, বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রিয় নেত্রীকে বঙ্গবন্ধু কন্যাকে, তিনি বিশ্বের ১০ জন গ্রেট লিডারের একজন, শেখ হাসিনাকে আপনি হাসিনা, হাসিনা বলে সম্বোধন করেন।

প্রধানমন্ত্রীকে শুধু হাসিনা বললে কষ্ট হয় জানিয়ে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, এটা আমাদেরকে অপমান করা হয়, আমাদের পার্টিকে অপমান করা হয়, আমাদের চেতনাকে অপমান করা হয়, আমাদের নেতৃত্বকে অপমান করা হয়।

আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে তিস্তা চুক্তি হোক তা বিএনপি ও বেগম খালেদা জিয়া চান না বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, এ জন্য যতরকম পাঁয়তারা এবং ষড়যন্ত্র করা যায় তা তারা করছে। এটা তাদের অন্যতম একটি মতলব।

তিনি বলেন, তিস্তা চুক্তির বিষয়ে বিএনপি অতীতেও বিরোধিতা করেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও করবে। এ নিয়ে বলার কিছু নেই। আমাদের কাজ আমরা করে যাব।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি হচ্ছে ইস্যু তৈরির কারখানা। এখন চলছে বিএনপির ভারতবিরোধী ইস্যু। ইতোপূর্বে তারা অনেক ইস্যু তৈরি করেছে। কিন্তু কোনো ইস্যুই পাবলিককে খাওয়াতে পারেনি। এবার আবার নির্বাচন নিয়ে ইস্যু তৈরির ষড়যন্ত্র করছে। এটাতেও ব্যর্থ হবে বিএনপি।

মুজিবনগর দিবসের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররাও শপথ নিয়েছিলেন। একজন সেক্টর কমান্ডারের গড়া রাজনৈতিক দল এই দিনটি লালন করে না।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট