১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
শ্রীলঙ্কা: টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে অফিসিয়ালি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে লঙ্কানদের দেয়া ৩১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামতে হয়নি টাইগারদের।
এর আগে এক বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে ৩১২ রানের টার্গেট ছুড়ে দেয় স্বাগতিকরা। শেষ ওভারে হ্যাটট্রিক উল্লাসে মাতেন তাসকিন আহমেদ।
মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগাররা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা।
তৃতীয় ওভারের মাথায় প্রথম উইকেট এনে দেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে ৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার দানুস্কা গুনাথিলাকা। এরপর জুটি গড়ে দলের রানের চাকা সচল রাখেন উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিস। দু’জন মিলে স্কোরবোর্ডে তোলেন ১১১ রান।দলীয় ১২৯ রানের মাথায় ‘নো’ বলে সিঙ্গেল নিতে গিয়ে ৬৫ রানে রানআউটের ফাঁদে পড়েন থারাঙ্গা। মাহমুদউল্লাহ রিয়াদের সরাসরি থ্রোতে সতীর্থদের উদযাপন বেড়ে যায়।
থারাঙ্গা বিদাল নিলেও ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি উদযাপন করেন তরুণ কুশল মেন্ডিস। দিনেশ চান্দিমালকে নিয়ে যোগ করেন আরো ৮৩ রান। দলীয় ২১২ রানে মোস্তাফিজুর রহমানের বলে ২৪ রানে এলবিডব্লুর শিকার হন দিনেশ চান্দিমাল।
পরের ওভারেই ৩৮তম ক্যাচে সেঞ্চুরিয়ান মেন্ডিসকে ফেরান তাসকিন আহমেদ। কাঁধে আঘাত হানার পর পেছনে দৌড়ে গিয়ে শূন্যে থাকা বল তালুবন্দি করেন তিনি।
গুনারাত্নে-সিরিবর্ধনা জুটি ৫৫ ভেঙে উইকেটের খাতায় নাম লেখান মেহেদী হাসান মিরাজ।
ক্লিন বোল্ড হয়ে ৩০ রানে সাজঘরে ফেরেন মিলিন্ডা সিরিবর্ধনা। পরের ওভারেই ৪৭তম সরাসরি থ্রোতে থিসারা পেরেরাকে রানআউট করেন মুশফিক। একইভাবে দিলরুয়ান পেরেরাকে ফেরান ‘মি. ডিপেন্ডেবল’। দু’জনই ৯ রান করে বিদায় নেন।
শেষ ওভারে হ্যাটট্রিক উল্লাসে মাতেন তাসকিন আহমেদ। সৌম্য সরকারের ক্যাচে ৩৯ রানে পরিণত হন আসিলা গুনারাত্নে। মোস্তাফিজের হাতে ধরা পড়েন সুরাঙ্গা লাকমল। হ্যাটট্রিক ডেলিভারিতে নুয়ান প্রদীপের স্ট্যাম্প ভাঙেন টাইগার পেস সেনসেশন।
একাই চারটি উইকেট দখল করেন তাসকিন। একটি করে নেন মাশরাফি, মিরাজ ও মোস্তাফিজ।
প্রসঙ্গত, একই মাঠে প্রথম ওয়ানডেতে ৯০ রানের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় টাইগাররা। ৩২৫ রানের টার্গেটে ২৩৪-এ গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D