২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
আবদ্ধ ঘরে ‘বন্দি’ থাকা বিএনপি বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দিয়েও রাজধানীর রাজপথে নামতে পারেনি।
পারেনি সেভাবে কর্মসূচি পালন করতে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি-মিছিলকে ঘিরে দীর্ঘদিন পর কয়েক হাজার নেতাকর্মী নিয়ে রাজধানীর রাজপথে শোডাউন করেছে দলটি।
ক্ষমতাসীন সরকারের নানান বাধা-প্রতিকূলতা উপেক্ষা করে সাম্প্রতিক সময়ে প্রতিবাদ সমাবেশ থেকে শুরু করে সভা-সেমিনার, মিলাদ মাহফিল এবং প্রায় নিয়মিত সংবাদ সম্মেলন সবকিছুই ছিল বিএনপির ‘বদ্ধ ঘরে আবদ্ধ’কর্মসূচি।
২৬ মার্চ রবিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ র্যালি-মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল-বিএনপি। বিকেল সোয়া ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ র্যালি মিছিলের উদ্ধোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সরেজমিনে দেখা যায়, স্বাধীনতা দিবসে রাজধানীতে বিএনপির শোভাযাত্রার আকর্ষণ নেতা-কর্মীর চেয়ে বেশি ছিল এর উপস্থাপনায়। মিছিলের মধ্যে হাতি আর ঘোড়া কৃষ্টি কেড়েছে মানুষের। সেই সঙ্গে একটি বিশেষ ধরনের কফির বহন করেছে নেতা-কর্মীরা, যাকে নাম দেয়া হয়েছে ‘গণতন্ত্রের কফিন’। আরো ছিল ‘ধান ক্ষেত’।
বেলা ১২টা থেকেই আসতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। ছোট ছোট পিকআপ ভ্যান সাজিয়ে ঢাক-ঢোল বাজিয়ে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে দলের নেতাকর্মীরা। বেলা আড়াইটা থেকে শুরু হওয়া সংক্ষিপ্ত সমাবেশ শেষে বের হয় শোভাযাত্রা।
পৌনে তিনটার দিকে মিছিলকে বিজয়নগর হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটি নয়াপল্টন থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত পাল্টানো হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল একটি ‘কফিন মিছিল’ বের করে। কফিনে লেখা ‘গণতন্ত্র এখন কফিনে’। মুক্তিযোদ্ধা সাদেক খানের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টনে আসে। নেতা-কর্মীরা বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে মৃত অবস্থায় নিয়ে গেছে। এটাই তারা প্রতীকের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন।
একটি ভ্যানে বালু ভর্তি করে তাতে ধান গাছ রোপন করে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় একটি পক্ষকে।
একজন কর্মী বলেন, বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ। তাই তারা ধান গাছ নিয়ে এসেছেন।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও ঢাকার আশপাশের নানা জায়গা থেকে এসেছেন বিএনপি নেতা-কর্মীরা।
এর ফলে রাজধানীর ফকিরাপুল থেকে নয়াপল্টন, বিজয় নগর, কাকরাইল মোড়, শান্তিনগর ও মালিবাগ মোড় পুরো এলাকায় নেতা-কর্মীদের ঢল নামে।
উল্লেখ্য, গত বছর স্বাধীনতা দিবসে বিএনপি রাজপথে শোভাযাত্রা বের করেছিল। এর পরে তারা আর কোনো সভাসমাবেশ বা মিছিলেন অনুমতি পায়নি। কিন্তু স্বাধীনতা দিবসে বিএনপিকে কোনো বাধা দেয়নি পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D