২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭
ভারতীয়দের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আলোচিত সফরকে সফল বলেও আখ্যা দিয়েছেন তিনি।
শনিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে বৈঠকের পর ঢাকায় রওনা হওয়ার আগে বিমানবন্দরে খালেদা জিয়া সাংবাদিকদের কাছে এ অভিব্যক্তি প্রকাশ করেন।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। যে আন্তরিকতা ও আতিথেয়তা তা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। এই সফর সফল হয়েছে বলে আমি মনে করি।’
নয়া দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বৈঠকের পর সরাসরি ইন্দিরা গান্ধী বিমানবন্দরে যান খালেদা জিয়া।বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার সফরসঙ্গী শমসের মবিন চৌধুরী।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বলেন, অত্যন্ত উষ্ণ, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই নেতার মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টার বৈঠক হয়েছে। ভারতের রাষ্ট্রপতিও বাঙালি, তাই বৈঠকে বেশির ভাগ কথাই হয়েছে বাংলায়।
মারুফ কামাল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সমমর্যাদার ভিত্তিতে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। দুদেশের গরিব মানুষের জন্য উভয় দেশকে একসাথে কাজ করতে হবে। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও খালেদা জিয়ার সাথে একমত পোষণ করেন।
মারুফ কামাল বলেন, প্রণব মুখার্জি বলেছেন, প্রতিবেশী দুই দেশ একসাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই থাকতে চায়।
এ ছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য ঘাটতিসহ বিভিন্ন বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয় বলে জানান খালেদা জিয়ার প্রেস সচিব।
দলীয় সূত্রে জানা গেছে, ভারতীয়দের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ বেগম জিয়া। যদিও সফরে একটি অপ্রাপ্তিও রয়ে গেছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সাথে দেখা হয়নি খালেদা জিয়ার।
গত তিন দশকে বিএনপির রাজনীতির প্রধানতম বৈশিষ্ট্য ছিল ‘ভারত বিরোধিতা’। এবারের ভারত সফরে বিএনপি চেয়ারপারসন সে পরিচয় মুছে ফেলার চেষ্টা করেছে। ভারতের পক্ষ থেকেও নতুন শুরুর কথা বলা হয়েছে। পেছনের দিকে না তাকানোর কথা বলেছেন উভয়পক্ষই।
এই সফরে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার বিরোধী দলীয় নেতা সুষমা স্বরাজ, ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ প্রমুখের সাথে বৈঠক করেন তিনি।
( দিল্লি, ৩ নভেম্বর,২০১২ ( রিয়েল-টাইম নিউজ ডটকম )

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D