১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।
রবিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।
এই মামলায় অভিযোগ গঠনের জন্য আজ রবিবার দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ সময় চেয়ে আবেদন করলে বিচারক নতুন করে এদিন ধার্য করেন।
আদালতে জয়নাল আবেদিন মেজবাহ জানান, খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ ছাড়া মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে। সে কারণে আদালতে অভিযোগের শুনানির জন্য সময়ের আবেদন করা হয়েছে।এই মামলায় জামিনে থাকা আসামি খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ আদালতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৭ ও ২০০৮ সালে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল দেন। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম স্থগিত ছিল। ২০১৫ সালের ৫ আগস্ট জারি করা রুল খারিজ করে রায় দেন বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।
গ্যাটকো মামলায় অভিযোগ বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ টাকার ক্ষতি করেছেন। খালেদা জিয়া ছাড়াও সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ এ মামলার আসামি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D