‘দুর্দিনে কাজী আনোয়ারের বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত’

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

‘দুর্দিনে কাজী আনোয়ারের বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত’

বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি মরহুমের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কাজী আনোয়ার হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শোকবাণীতে খালেদা জিয়া বলেন, ‘মরহুম কাজী আনোয়ার হোসেন নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম কাজী আনোয়ার হোসেন এলাকার বিএনপি নেতাকর্মী ও জনগণের মধ্যে ছিলেন অত্যন্ত সমাদৃত। জনপ্রতিনিধি হিসেবে জনকল্যানমূলক কাজে তিনি যে অবদান রেখেছেন সে কারণে এলাকাবাসী তাকে বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে।’

বেগম জিয়া বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনই ছিল তার রাজনীতি ও কর্মকাণ্ডের মূল প্রেরণা। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মরহুম আনোয়ার হোসেন তার রাজনৈতিক জীবনে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। মানুষের প্রতি গভীর ভালবাসাবোধ ও জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত আপনজন।’

খালেদা জিয়া বলেন, ‘দেশের এই দুর্দিনে তার মতো একজন অভিজ্ঞ ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট