২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৪
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার (৫ আগস্ট) সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী বলেন, শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল মানুষ নগরের শাপলাবাগ এলাকায় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
পৃথকভাবে আরও কয়েকটি দল নগরের পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় অবস্থিত সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) রণজিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়।
এ ছাড়া নগরে আওয়ামী লীগ-সমর্থিত অনেক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠান মাহা’তে ভাঙচুর ও লুটপাট হয়েছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ তার বাসায় ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, আজ বেলা তিনটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় অবস্থিত সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে আগুন দেওয়া হয়।
এরআগে দুপুর ১টার দিকে সিলেটের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীরা ২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।
দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সিলেট নগরের জিন্দাবাজার, চৌহাট্টা ও দরগাহ গেইট এলাকায় এসব সংঘর্ষ ঘটে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া পুলিশের মিস ফায়ারে বিশেষ বাহিনীর (সিআরটি) ৩ পুলিশ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, দুপুর ১টার দিকে নগরের চৌহাট্টায় আন্দোলনকারীরা জড়ো হলে পুলিশ গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে জিন্দাবাজার ও দরগাহ গেট এলাকায়। এসময় জিন্দাবাজার পয়েন্টে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D