২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪
দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জোর দাবিয়ে জানিয়েছেন ‘সিলেটের সচেতন আলেম সমাজ’ নামক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা শুক্রবার (২ আগস্ট) সংবাদমধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন- ‘কোটা ইস্যুতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থী ও শিশুসহ নিরীহ সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলা এবং গণহত্যায় ‘সিলেটের সচেতন আলেম সমাজ’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে অরাজনৈতিক এ সংগঠনের পক্ষ থেকে।
আমরা গভীর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করেছি যে, দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানো হচ্ছে। পথচারীরা বাইরে বেরিয়ে ঘরে ফিরছেন লাশ হয়ে। নিজ বাসাবাড়িতে থেকেও গুলিতে প্রাণ হারাচ্ছেন শিশু-নারীসহ সাধারণ মানুষ। স্বজন হারানো মানুষের কান্না ও দীর্ঘশ্বাসে দেশের আকাশ ভারী। স্বাধীনতার পর থেকে দেশের ইতিহাসে আর কখনো এভাবে এতো মানুষ নির্মমভাবে প্রাণ হারাননি। এছাড়া আন্দোলনরত বোনদের প্রকাশ্যে দ্বিধাহীনভাবে রাস্তায় লাঞ্ছিত করা হচ্ছে, করা হচ্ছে বেধড়ক মারপিট। একটি স্বাধীন দেশে ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এমন নিষ্ঠুর ও অমানবিক আচরণে ‘সিলেটের সচেতন আলেম সমাজ’ হতভম্ব ও বাকরুদ্ধ।
আমরা আরও লক্ষ্য করছি যে- আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আন্দোলনকারীদের। আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী, বিশেষ করে দেশরক্ষার অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে জনগণ অত্যন্ত সমীহ ও শেষ আস্থার জায়গা মনে করে। দেশের এই ক্রান্তিলগ্নে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থীতিশীল করতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
পাশাপাশি সরকারের প্রতি জোর দাবি- আপনার সন্তানতুল্য শিক্ষার্থীদের বুলেটের সামনে আর দাঁড় না করিয়ে এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি স্বাভাবিক করুন। সেই সঙ্গে হত্যার শিকার হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এছাড়া গ্রেফতারের নামে পুলিশ বাসাবাড়িতে হানা দিয়ে শিক্ষার্থীদের হয়রানি ও গণগ্রেফতার করছে- এ বিষয়ে এখনই পদক্ষেপ নিন।
আমরা গুলিতে নিহত সিলেটের সাংবাদিক এটিএম তুরাবসহ শহিদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোকে পাথর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। –সংবাদ বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D